নাসিরনগরে ট্রাক্টর-ইজিবাইকের সংঘর্ষে প্রাণ হারালেন দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা নাাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ভিড় জমান
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার ধনকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন আলী শাহ (৬৩) ও তাঁর চাচাতো ভাই করিম শাহ (৫৫)। তাঁরা দুজনই উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন মো. মাইনুদ্দিন (২০), মো. মাহফুর মিয়া (৪০) ও মারিয়া জান্নাত (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে আলী শাহ, তাঁর নাতনি মারিয়া জান্নাত ও আলী শাহের চাচাতো ভাই করিম শাহ ব্যাটারিচালিত ইজিবাইকে করে নাসিরনগর সদরে সাপ্তাহিক বাজারে করতে যাচ্ছিলেন। ধনকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর ও ইজিবাইক উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আলী শাহ মারা যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে করিম শাহকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহিমুনুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের অবস্থাও গুরুতর।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন।