নাসিরনগরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতুল রাণী দাশ
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এবারই প্রথম একজন নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নাম পুতুল রাণী দাশ। তিনি উপজেলার সদর ইউপি থেকে জয় পেয়েছেন। এর আগে পুতুল একই ইউপি থেকে চারবার সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে গত বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ১৩টি ইউপিতে ভোট গ্রহণ হয়। ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া একমাত্র নারী প্রার্থী ছিলেন পুতুল রাণী দাশ। চেয়ারম্যান পদে তিনি ছাড়া আর কোনো নারী প্রার্থী হননি। সদর ইউপি থেকে পুতুল রাণী দাশের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ছয়জন। তিনি ৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান রফিজ মিয়া পান ৩ হাজার ৮৫৭ ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, পুতুল রাণী দাশ ১৯৯১ সাল থেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৪ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক।

পুতুল রাণী বলেন, ‘আমি আগে চারবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু এবার জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এতে আমার দায়িত্ব বেড়েছে। এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। সব সময় সবার পাশে থাকতে চাই।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন বলেন, উপজেলায় এবারই প্রথম কোনো নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁকে দেখে এখন অনেক নারীই জনপ্রতিনিধি হতে উৎসাহী হবেন। এতে এলাকার নারীদের ক্ষমতায়নের পথ সুগম হবে।