নাসিরনগরে মামলা করে গ্রামছাড়া শিশুর বাবা-চাচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টরচাপায় নিহত রাসেল মিয়ার মা শাহানা বেগম এখনো সন্তানের জন্য কেঁদেই চলেছেন। বৃহস্পতিবার বিকেলে তোলা
ছবি: বদর উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় শিশু রাসেল মিয়া নিহত হওয়ার ঘটনায় মামলা করে শিশুর বাবা ও চাচা এখন বাড়িছাড়া।

আসামি আওয়ামী লীগ নেতার হুমকি ও ভয়ে তাঁরা গা ঢাকা দিয়েছেন। এদিকে চার দিন পার হলেও মামলার আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শিশু রাসেল উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামের আওয়াল মিয়ার ছেলে। টেকপাড়া গ্রামেই ট্রাক্টরের চাপায় গত সোমবার তার মৃত্যু হয়। এর দুই দিন পর গতকাল বুধবার দুপুরে তার লাশ দাফন করা হয়। এর আগে ঘটনার প্রতিবাদে শিশুটির বাবা মামলা না নেওয়া পর্যন্ত লাশ দাফন না করার অঙ্গীকার করেন। পরে গত মঙ্গলবার রাতে মামলা নেয় পুলিশ।

রাসেলের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাপ্তান মিয়া ওই ট্রাক্টরে করে ইটভাটায় মাটি সরবরাহ করছিলেন। ট্রাক্টরে মাটি আনা-নেওয়া করার সময় গ্রামের রাস্তা নষ্ট হচ্ছিল জানিয়ে গত রোববার প্রতিবাদ জানিয়েছিলেন শিশুটির ইতালিপ্রবাসী চাচা দাউদ খাঁ ও তার বাবা আওয়াল। বিকেলেই কাপ্তান মিয়া ও তাঁর লোকজন তাঁদের (আওয়াল) হুমকি দিয়ে বলেন, ট্রাক্টর চলবেই। তাঁদের বাড়ির একটি মোরগও বের হতে পারবে না। এর পরদিন সোমবার দুপুরে ট্রাক্টরচাপায় ওই মৃত্যুর ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর শিশুটির পরিবার নাসিরনগর থানায় মামলা করতে যায়। কিন্তু পুলিশ মামলা নিতে রাজি হয়নি। প্রতিবাদে এলাকাবাসী হরিপুর বাজার এলাকায় নাসিরনগর-মাধবপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে হত্যা মামলা নেয় পুলিশ। এতে আওয়ামী লীগ নেতা কাপ্তানকে প্রধান আসামি করা হয়।

বৃহস্পতিবার বিকেলে টেকপাড়ায় রাসেলের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা এখনো মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি। বারবারই দাদি সুফিয়া খাতুন মূর্ছা যাচ্ছেন। বাবা আওয়াল ও চাচা দাউদ খাঁ সকাল থেকে বাড়িছাড়া। তাঁরা গা ঢাকা দিয়েছেন।
রাসেলের মা শাহানা বেগম বলেন, ‘ওই দিন রাসেল বাড়িতে দুষ্টুমি করছিল। ১০ টাকা দিয়ে দোকান থেকে মজা কিনতে পাঠিয়েছিলাম। ১০ টাকা দেওয়াই কাল হলো। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তানের ছেলে খোকন এলাকায় ঘোরাফেরা করেছে।’

প্রত্যক্ষদর্শী ইদন আলী ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই দিন দুপুরে নিজেদের ঘরের সঙ্গে লাগোয়া পাইপের ওপর বসেছিল রাসেল। কিছু একটা খাচ্ছিল। মুহূর্তের মধ্যেই দেখি, ট্রাক্টরের সামনের চাকার নিচে। তখন চালককে কাপ্তান মিয়ার বাড়ির দিকে দৌড়ে যেতে দেখি।’
প্রতিবেশী ইসমাইল হোসেন, সোহেল মিয়া, মহসিন মিয়া, মিলন বেগম বলেন, কাপ্তান ৩০-৪০টি ট্রাক্টরে মাটি সরবরাহ করে। এতে গ্রামবাসী অতিষ্ঠ। আগের দিন এসবে বাধা দেওয়াসহ প্রতিবাদের জেরেই শিশুটিকে হত্যা করে কাপ্তানের মাটি বহনকারী ট্রাক্টরচালক। ঘটনার পর লাশ নিয়ে রাস্তায় প্রতিবাদসহ মামলা করায় দাউদ ও আওয়াল এখন গ্রামছাড়া।

আওয়াল মিয়া ও দাউদ মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে আওয়াল প্রথম আলোকে বলেন, ‘পাঁচ–ছয়টাকে মেরে ফেললেও কিছু হবে না বলে কাপ্তান ও তাঁর লোকজন হুমকি দিচ্ছেন। তাই তাঁদের ভয়ে আমি এখন অন্যখানে আছি। অসুস্থও হয়ে পড়েছি।’

রাসেলের বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাপ্তান মিয়ার বাড়ি। কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী রেজিয়া বেগম বলেন, ‘ট্রাক্টরচাপায় শিশু মারা গেছে। এতে আমাদের কী করার আছে। গাড়ির চাপায় মারা গেলে কি কেউ হত্যা মামলা দেয়?’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ট্রাক্টরের নিচে চাপা পড়েই ওই শিশু নিহত হয়েছে। কিন্তু একটি পক্ষ ঘটনাকে ভিন্ন দিকে নিতে ইন্ধন জোগাচ্ছেন। তবে তদন্তে যা বের হয়ে আসে, সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে। শিশুটির প্রতি ন্যায়বিচার করা হবে। ট্রাক্টরচালকের নাম–পরিচয় জানতে পেরেছি। কিন্তু তদন্তের স্বার্থে নাম বলছি না। দ্রুতই চালকসহ বাকিদের গ্রেপ্তার করা হবে।’