নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম চকদারকে গ্রেপ্তার করে নাসিরনগর থানার পুলিশ।
আজ বুধবার সকালে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় আমিরুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সঙ্গে আমিরুল জড়িত নন বলে দাবি করেছে তাঁর পরিবার।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা তিন দফায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ করে।
নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এ পর্যন্ত ৯০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।