নাসিরনগরের ৬ ইউপিতে আ.লীগ, ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এতে উপজেলার ১৩টি ইউপির মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ৩টিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’, ৩টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।

উপজেলার সদর, পূর্বভাগ, ভলাকুট, ফান্দাউক গুনিয়াউক ও চাপরতলা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। উপজেলার চাতলপাড়, হরিপুর, ও গোকর্ণ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ধরমন্ডল, গোয়ালনগর ও বুড়িশ্বরে স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা ও কুন্ডা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ফলাফল সূত্রে জানা গেছে, সদর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত পুতুল রানি দাস ৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর ফিজ মিয়া (চশমা) পেয়েছেন ৩ হাজার ৮৫৭ ভোট।

পূর্বভাগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তার মিয়া ৪ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯১৬ ভোট। ভলাকুটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুবেল মিয়া ৮ হাজার ৭৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরাফাত আলী (আনারস) পেয়েছেন ৫ হাজার ৬৩৩ ভোট।

ফান্দাউকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুকুজ্জান ফারুক পান ৬ হাজার ১০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৮০৮ ভোট। চাপরতলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনসুর আলী ভূঁইয়া পান ২ হাজার ৯২৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ (চশমা) পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট।

গুনিয়াউকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিতু মিয়া ৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সদস্য শামছুল হক ২ হাজার ৫৭৯ ভোট পান।

আওয়ামী লীগের তিন বিদ্রোহী নির্বাচিত
ফলাফল সূত্রে জানা গেছে, গোকর্ণ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মো. শাহীন (ঘোড়া) ৫ হাজার ৫১১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোয়াব মোহাম্মদ পান ৪ হাজার ৯৯৩ ভোট।

হরিপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া ফারুক মিয়া (আনারস) ৬ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী জামাল মিয়া (চশমা) পান ৪ হাজার ১৬৯ ভোট। চাতলপাড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম (চশমা) ১১ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আবদুল আহাদ পান ৭ হাজার ৩২৯ ভোট।

চার স্বতন্ত্র প্রার্থী জয়ী
ধরমন্ডলে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (আনারস) ৬ হাজার ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহার উদ্দিন চৌধুরী পেয়েছেন ৪ হাজার ২৮০ ভোট। বুড়িশ্বরে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইকবাল চৌধুরী ৯ হাজার ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ টি এম মোজাম্মেল হক সরকার পেয়েছেন ৭ হাজার ৪৬৩ ভোট। গোয়ালনগরে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী (ঘোড়া) ৪ হাজার ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কিরন মিয়া পেয়েছেন ৪ হাজার ১২১ ভোট। আহজারুল হক উপজেলা বিএনপির বিলুপ্ত ১০১ সদস্যের কমিটির ৬৮ নম্বর সদস্য ছিলেন। শফিকুল ও ইকবাল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

কুন্ডায় স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন ভূঁইয়া (আনারস) ৫ হাজার ৯৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওমরাও খান (চশমা) ৪ হাজার ৫১১ ভোট পান। ওমরাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।