
দেড় একর জমির কিছু অংশে রোপা আমনের বীজতলা করেছিলেন মায়াধন চাকমা। বাকি জমি সবজি চাষের জন্য প্রস্তুত করছিলেন। এই জমির আয়েই সংসার চলে তাঁর। তিনিসহ পরিবারের সদস্য চারজন। গত ১৩ জুনের পাহাড়ধসে মায়াধনের বসতঘরের তেমন ক্ষতি হয়নি। তবে তাঁর জীবিকার অবলম্বন জমিটুকু নিশ্চিহ্ন হয়ে গেছে। পাহাড়ি বালু, পাথর, মাটির স্তূপ জমে হারিয়ে গেছে কৃষিজমি।
শুধু মায়াধন একা নন, পাহাড়ধসে রাঙামাটি সদর উপজেলার নাড়াইছড়ি গ্রামের মানুষের কৃষিজমি নিশ্চিহ্ন হয়ে গেছে। পাথর, মাটি ও বালুর নিচে চাপা পড়েছে তাঁদের জমি। এতে দিশেহারা হয়ে পড়েছে পাহাড়ি এই গ্রামের ১১৭ পরিবারের প্রায় ৬৫০ জন সদস্য। তিন থেকে ছয় ফুট উঁচু বালুর স্তূপের নিচে হারিয়ে গেছে গ্রামের অন্তত ২০০ একর জমি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ত্রাণ বা অন্য কোনো সহায়তা তাঁরা চান না। পাথর, মাটি ও বালু জমে জমির যে অবস্থা হয়েছে, তা পরিষ্কার করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এটি করা না হলে গ্রামে দীর্ঘমেয়াদি বিপর্যয় দেখা দেবে। মানুষ খাদ্যের সংকটে পড়বে।
১৩ জুন ভয়াবহ পাহাড়ধসে শুধু রাঙামাটিতেই প্রাণ হারান ১২০ জন, আহত হন অন্তত ৮৮ জন। হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়। পাহাড়ধসের পর টানা আট দিন সারা দেশের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন ছিল রাঙামাটি। এখনো চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। পাহাড়ধসের মাটি এখনো রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক থেকে সরানো সম্ভব হয়নি।
রাঙামাটি শহর থেকে ১১ কিলোমিটার দূরে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের পাশে সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়। সেখান থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার এগোলেই নাড়াইছড়ি গ্রাম। এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে পাহাড়ি ছড়া। নাড়াইছড়ি ছড়া নামে পরিচিত এই ছড়ার উৎপত্তি ফুরমোন পাহাড় থেকে। এই পাহাড় নাড়াইছড়ি গ্রামকে প্রায় চারদিকে ঘেরাও করে রেখেছে। পাহাড়ধসে এই গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেবল সাতজনের নাম উঠেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকায়। অথচ পাহাড়ধসে গ্রামের ১১৭টি পরিবার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় গ্রামের সাতটি বাড়ি ও চারটি দোকান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে ২৫টি বাড়ি। তবে এই গ্রামের মানুষ ঘর হারানোর ক্ষতিকে বড় ক্ষতি মনে করছেন না। তাঁরা বলছেন, দু-এক বছরের মধ্যে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। কিন্তু ধান ও সবজি খেতের জমির যে ক্ষতি হয়েছে, তা আগামী ১০ বছরেও চাষাবাদের আওতায় আনা সম্ভব নয়। ফসল ঘরে না এলে বাজার থেকে প্রতিদিন চাল, সবজি কিনে খাওয়ার সামর্থ্য বেশির ভাগ মানুষের নেই।
গত রোববার দুপুর থেকে প্রায় তিন ঘণ্টা আলোকচিত্রীকে সঙ্গে নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদক নাড়াইছড়ি গ্রাম ঘুরে দেখেন। পাহাড়ধসের কারণে গ্রামে প্রবেশের রাস্তা ধসে গেছে। সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পাহাড়ি পথে এক কিলোমিটার হেঁটে এখন এই গ্রামে যেতে হয়। আগে অটোরিকশায় করে গ্রামের কাছাকাছি পর্যন্ত যাওয়া যেত। গ্রামে ঢুকতেই রাস্তার ওপর বিশাল মাটির স্তূপ চোখে পড়ে। এই বাধা পার হওয়ার পর রাস্তার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না। পুরো রাস্তাটাই ধসে গেছে। পাথর ও বালুতে ডুবে থাকা জমির ওপর দিয়ে গ্রামে ঢুকতে হয়।
পাহাড়ের পাদদেশে গ্রামের বাড়িগুলো ছড়িয়ে-ছিটিয়ে। এক বাড়ি থেকে যেতে চোখে পড়ে ধ্বংসস্তূপ। পড়ে আছে পাতা, বাঁশ, গাছের ডালপালা, গুঁড়ি।
গ্রামের প্রবীণ বাসিন্দারা বলেন, কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে উদ্বাস্তু হয়ে ১৯৫৯ সালে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে প্রথমে কিছু পরিবার এখানে (নাড়াইছড়ি) এসে বসবাস শুরু করে। তখন আবাদি জমি ছিল না। ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কার করে আবাদযোগ্য জমি করেন তাঁরা। এতে নাড়াইছড়ি ছড়ার দুই দিকে দুই শতাধিক একর চাষযোগ্য জমি সৃষ্টি হয়।
নাড়াইছড়ি গ্রামের কৃষক স্বরবিন্দু চাকমা, রঞ্জিত চাকমা ও মায়াধন চাকমা বলেন, গ্রামে ধানি জমি ও সবজিখেত ছাড়া আয়ের অন্য উৎস নেই। সামনে রোপা আমনের চাষ শুরু হবে। তাঁরা সবাই রোপা আমনের জন্য বীজতলা করেছেন। সেগুলো নষ্ট হয়েছে। এ বছর কোনো চাষ হবে না। দুজন কৃষক বলেন, ত্রাণ কিংবা অন্য কোনো সাহায্য তাঁদের দরকার নেই। জমিগুলো যেন চাষাবাদযোগ্য করে দেওয়া হয়। তা না হলে গ্রামে খাদ্যের চরম সংকট দেখা দেবে।
সাপছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য নয়নমনি চাকমার বাড়ি নাড়াইছড়ি গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, চাষযোগ্য জমির ওপর পাথর, বালু, গাছের গুঁড়ি জমে থাকায় কোনো কিছু চাষ করা যাবে না। এলাকায় প্রায় ২০০ একর জমি নষ্ট হয়েছে।
নাড়াইছড়ি এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রথম আলোর প্রশ্নের জবাবে জানান রাঙামাটি কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ চাওয়া হয়েছে। জেলা পরিষদ বরাদ্দ দিলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হবে।