গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলার বিষয়ে এক প্রতিবেদনে ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দচয়নের জন্য গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল আলম নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। ভবিষ্যতের জন্য শব্দচয়নে সতর্ক করে দিয়ে তাঁকে এই অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে গাইবান্ধায় সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, এ বিষয়ে বিচারিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৩১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের ৩০ দিন সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
এদিকে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় গত বছরের ৬ নভেম্বর সংঘর্ষের ঘটনার পর ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করার অভিযোগে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল রুল দিয়েছেন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আলামত নষ্ট করায় এমডির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারা অনুসারে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রকাশ দত্ত এ রিট করেন।
গোবিন্দগঞ্জে হামলার বিষয়ে এক প্রতিবেদনে ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দচয়ন করায় গাইবান্ধার বিশেষ শাখার পুলিশ সুপারকে (পুলিশ সুপার) ২ জানুয়ারি আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়। ধার্য তারিখে তিনি হাজির হন। তবে সেদিন বেঞ্চ না থাকায় পুলিশ সুপার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হাজিরা দেন। ৪ জানুয়ারি হাইকোর্ট পুলিশ সুপারকে ৮ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিলে গতকাল তিনি হাজির হন।
গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট অপর এক আদেশে সাহেবগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং এতে পুলিশের কোনো সদস্য জড়িত কি না, তা তদন্ত করে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। সেই সঙ্গে ৮ জানুয়ারি আদেশের দিন ধার্য করেন।
গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পুলিশ সুপারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন।