নিঃসন্তান দম্পতির কোলে ফেলে যাওয়া সেই নবজাতক
দুই শতাধিক আগ্রহীকে যাচাই-বাছাই শেষে চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া মেয়ে নবজাতককে নিঃসন্তান এক দম্পতির হাতে তুলে দেওয়া হলো। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির কাছে পাঁচ দিন বয়সী ওই নবজাতককে হস্তান্তর করেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার এক নারী আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের জন্ম দেন। এর কয়েক ঘণ্টা পর নবজাতকের মা এবং সঙ্গে আসা দুজন নারী নবজাতককে একা ফেলে রেখে চলে যান।
ঘটনাটি জানাজানি হলে ইউএনও শেখ জুবায়ের আহমেদ শিশুটিকে তাঁর কার্যালয়ে নিয়ে যান এবং শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। এর পর ছবিটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে।
ওই শিশুর দায়িত্ব নিতে অনেকেই ইউএনও কার্যালয়ে সশরীরে হাজির হয়ে, কেউ মুঠোফোনে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করেন। সব মিলিয়ে দুই শতাধিক মানুষ ওই শিশুকে দত্তক নিতে আগ্রহ দেখান।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘জেলা প্রশাসকের পরামর্শে নিঃসন্তান এক দম্পতির কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন প্রক্রিয়া শেষ করে শিক্ষিত, সচ্ছল ও নিঃসন্তান এক দম্পতির কাছে শিশুটিকে তুলে দিলাম। ওই শিশুর ভবিষ্যত চিন্তা করে ওই দম্পত্তির পরিচয় গোপন রাখা হয়েছে।’