লোহাগড়ায় মধুমতীর ভাঙন
নিঃস্ব হচ্ছে ৩ গ্রামের মানুষ
এবার অন্তত ৮৫টি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে অন্তত ২০০ বসতভিটা।
গোলজার মোল্লার (৭৫) ফসলি জমি ছিল প্রায় ১০ একর। সব জমি গত বছর নদীতে বিলীন হয়েছে। প্রায় তিন একর জমির ওপর ছিল তাঁর বসতবাড়ি। এবারের বর্ষায় বিলীন হয়েছে তাঁর বসতভিটা। জমিজমা ও বসতভিটা হারিয়ে তিনি এখন নিঃস্ব।
গোলজার মোল্লা চোখের পানি ফেলতে ফেলতে বলছিলেন, ‘এ নিয়ে চারবার নদীতে বাড়ি ভাঙল। সবশেষ কয়েক দিন আগে পাকা বাড়িটি নদীতে গেছে। সব শেষ হয়ে গেছে। এখন আমি পথের ফকির।’
গোলজার মোল্লার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল-আমডাঙ্গা গ্রামে। চলতি মৌসুমে মধুমতী নদীতে বিলীন হয়েছে ওই এলাকার তিন গ্রামের অন্তত ৮৫টি পরিবারের বসতভিটা। ভাঙনের মুখে রয়েছে অন্তত ২০০ পরিবার। আমডাঙ্গা, আস্তাইল ও চরআড়িয়ারা গ্রামে একের পর এক নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান, পাকা সড়ক, মসজিদসহ নানা সামাজিক স্থাপনা। এ পরিস্থিতিতে নিঃস্ব হচ্ছে মানুষ। বিলীন হচ্ছে জনপদ।
গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন দশকে ওই তিন গ্রামের ৯৫ ভাগ পরিবার ভাঙনের শিকার হয়েছে। এর অধিকাংশ পরিবার তিন-সাতবার ভাঙনের কবলে পড়েছে। অনেকেই এলাকা ছেড়ে অন্য এলাকায় বসতি গড়েছে। অসচ্ছলতার কারণে যারা শহরে বা অন্যত্র যেতে পারেনি, তারা একবার এ পাড়ে, আরেকবার অন্য পাড়ে বসতি গড়ছে। কিন্তু এ ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ।
সরেজমিনে দেখা গেছে, আমডাঙ্গা গ্রাম নদীতে ভেঙে তিনটি খণ্ডের সৃষ্টি হয়েছে। নদীর লোহাগড়া পাড় থেকে পিছিয়ে বসতি গড়েছে অনেকে। বেশির ভাগ পরিবার নদীর অপর পাড়ে বসতবাড়ি করেছে। ওই অংশের নাম এখন পারআমডাঙ্গা। পারআমডাঙ্গায় এখন ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। অন্য অংশ চার পাশ দিয়ে নদীবেষ্টিত আস্তাইল-আমডাঙ্গায় বসতি গড়েছে। আস্তাইল গ্রামের অধিকাংশ পরিবার নদীভাঙনের শিকার হয়ে অপর পাড়ে বসতি গড়েছে। এ অংশের নাম হয়েছে পারআস্তাইল। পারআস্তাইলে এখনো ভাঙন অব্যাহত আছে। চরআড়িয়ারা গ্রামের অধিকাংশ পরিবার পিছিয়ে আমডাঙ্গা এলাকায় বসতবাড়ি করেছে। এসব গ্রামে হুমকির মুখে রয়েছে অন্তত ২০০ পরিবারের বসতবাড়ি। এ ছাড়া আস্তাইল গুচ্ছগ্রাম ও আস্তাইল, আস্তাইল-আমডাঙ্গা ও পারআমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে হুমকিতে।
এবার বস্তা ফেলার জন্য প্রকল্প পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি। ভাঙনরোধে এখানে স্থায়ী ব্যবস্থা দরকার।স্বপন কুমার ঘোষ, উপবিভাগীয় প্রকৌশলী, পাউবো, নড়াইল
চরআড়িয়ারা ও আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনবার, আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দুইবার, আস্তাইল ও আস্তাইল-আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একবার নদীতে ভেঙেছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় লোকজনের তথ্যমতে, দুই মাস ধরে এ এলাকায় ভাঙন অব্যাহত আছে। গত ১৫ দিনে তা ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বর্ষায় পারআমডাঙ্গার বাবলু শেখ, মোকাম শেখ, রবিউল শেখ, হেমায়েত শেখ, সুনু মোল্লা, হিরু শেখ, কামরুল খা, রজ্জাক খা, রহমত খা, সিদ্দিক মোল্লাসহ অন্তত ৫৫টি পরিবারের বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। আস্তাইল গ্রামের ইকলাছ মোল্লা, মাসুদ মোল্লা, নাজির মোল্লা, সনেট মোল্লা, বক্কার মোল্লা, আকুব্বর মোল্লা, ইব্রাহিম মোল্লারসহ অন্তত ২০টি বাড়ি এবং চরআড়িয়ারা গ্রামের ফেলু শেখ, আলী শেখ, তাজ শেখ, নিরু শেখ, একলাছ শেখ, ইব্রাহিম শেখ, কামরুল শেখ, মিজান শেখ, ফরিদ শেখ, আলী নূর শেখসহ অন্তত ১৫টি পরিবারের বসতবাড়ি গ্রাস করেছে মধুমতী।
পারআমডাঙ্গার বাবলু শেখের প্রায় নয় একর ফসলি জমি ছিল, পুরোটা নদীতে চলে গেছে। তাঁর প্রায় তিন একরের ওপর ছিল বসতবাড়ি। সেখানে তিনি আম ও লিচুর বাগান করেছিলেন। তা চলতি বর্ষায় নদীতে বিলীন হয়েছে। এ নিয়ে তিনবার নদীতে ভেঙেছে তাঁদের বাড়ি। তিনি এখন নিঃস্ব।
পারআমডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুল ইমলাম জানান, ভাঙনরোধে গত বছর বস্তা ফেলা হয়েছিল। তা নদীতে গেছে। এলাকা বিলীন হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের উপবিভাগীয় প্রকৌশলী স্বপন কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ওই অংশে বড় এলাকা ভাঙনের শিকার। এবার বস্তা ফেলার জন্য প্রকল্প পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি। ভাঙনরোধে এখানে স্থায়ী ব্যবস্থা দরকার। এ জন্য ডিপিপি তৈরি করে পাঠানো হয়েছে।