নিকলীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের লাশ আজ শনিবার উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে নিকলী উপজেলার ঘোড়াদীঘা গ্রামসংলগ্ন কেওড়াগাছতলায় গোসল করতে নেমে নিখোঁজ হন তাঁরা।

দুই পর্যটক হলেন মো. আলমগীর (২০) ও রনি মিয়া (২২)। আজ বেলা সাড়ে ১১টার দিকে রনির লাশ উদ্ধার করা হয়। আর বেলা সোয়া দুইটার দিকে পাওয়া যায় আলমগীরের লাশ। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

থানা-পুলিশ সূত্র জানায়, আলমগীর গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি মিয়া কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তাঁরা ভ্যানচালক। আলমগীর ঢাকার গেন্ডারিয়া এলাকায় ও রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় কাজ করতেন।

ওসি শামছুল আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলের কাছে নিখোঁজ পর্যটকদের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে।