নিকলীতে নিখোঁজের দুদিন পর বিএনপি নেতার লাশ উদ্ধার
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার দুদিন পর বিএনপির এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ঘোরাদিঘা এলাকার ধনু নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া লাশটি নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মইজ উদ্দিনের (৪৫)। মইজ উদ্দিন উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। তাঁর মাথা, ডান হাত ও ডান ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় জাল দিয়ে মাছ ধরতে মইজ উদ্দিন নৌকা নিয়ে ধনু নদে যান। পরে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন শুক্রবার ভোররাত সাড়ে তিনটায় নদে তাঁর নৌকাটি ভাসতে দেখেন। এরপর তাঁরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।
রোববার সকালে উপজেলার ঘোরাদিঘা এলাকার ধনু নদে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন নিকলী থানা–পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিকলী থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ২৮ নভেম্বর সিংপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করেও এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, মইজ উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।