নিকলীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত, আহত দুই
কিশোরগঞ্জের নিকলীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন জেলে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের বড় হাওরে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৫০) এবং একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল (৩৫)। আহত ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩৫) ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোতালেব (৪৫)।
রাতে ১০ জনের একটি স্থানীয় জেলে দল নৌকা নিয়ে নিকলী ও করিমগঞ্জ উপজেলার মাঝামাঝি এলাকার বড় হাওরে বেড়জাল দিয়ে মাছ ধরতে যান। রাত একটার দিকে বৃষ্টিপাত শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে ১০ জনের একটি স্থানীয় জেলে দল নৌকা নিয়ে নিকলী ও করিমগঞ্জ উপজেলার মাঝামাঝি এলাকার বড় হাওরে বেড়জাল দিয়ে মাছ ধরতে যান। রাত একটার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় জেলেদের মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জলহু মিয়া, শফিকুল, কামরুল ও মোতালেব নামে চার জেলে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জলহু মিয়া ও শফিকুলকে মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।