নিকলীর হাওরে দুই পর্যটক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরে দুই পর্যটক নিখোঁজ
ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নিকলী উপজেলার ঘোড়াদীঘা গ্রামসংলগ্ন কেওড়াগাছতলায় গোসল করতে গিয়ে তাঁরা নিখোঁজ হন। তাঁদের উদ্ধারে তৎপরতা চালালেও আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

দুই পর্যটক হলেন মো. আলমগীর (২০) ও রনি মিয়া (২২)। মো. আলমগীর গাইবান্ধার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি মিয়া কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তাঁরা ভ্যানচালক। আলমগীর ঢাকার গেন্ডারিয়া এলাকায় এবং রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় ভ্যান চালান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটক নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে এখন পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।

এর আগে ১০ সেপ্টেম্বর হাওরে ঘুরতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ জাহিরুর রহমানের (৪৫) লাশ নিকলীর ছাতিরচরের হাওর থেকে উদ্ধার করা হয়।