নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের হাত-পা বঁাধা লাশ উদ্ধার
সিলেটে নিখোঁজ এক বিশ্ববিদ্যালয় ছাত্রের হাত-পা বঁাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। খালেদ আহমদ (২২) নামের ওই ছাত্র সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। ২১ জুলাই সিলেট নগরে যাওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
চার দিন পর গতকাল শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের পাশে কুশিয়ারা নদীর একটি খাল থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। খালেদ গোলাপগঞ্জ পৌর শহরের দাড়িপাতন পশ্চিমপাড়ার ছল্লুছ মিয়ার ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে কুশিয়ারা নদীর শাখা কুরকুরি খাল থেকে খালেদের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর হাত ও পা বঁাধা ছিল।
পুলিশ জানায়, ২১ জুলাই সকালে ল্যাপটপ বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজারে যান খালেদ। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাঁর অবস্থান বিয়ানীবাজার বলে পুলিশকে জানিয়েছিলেন।