নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজের তিন দিন পর চালক জয়নাল মিয়ার (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকায় খাল থেকে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাঁর উদ্ধার করে।
জয়নাল মিয়া উপজেলার শানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে। তিনি গত সোমবার বিকেলে নিজের সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন। পরের দিন তাঁর বড় ভাই ফারুক মিয়া সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে জয়নাল মিয়া তাঁর অটোরিকশা নিয়ে বের হন। পরে উপজেলার ভিটঘর বাজার থেকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেন একই গ্রামের কালন মিয়া (২২) ও ফায়জুল মিয়া (২৩)। তাঁদের নিয়ে যাওয়ার পর অটোরিকশাসহ জয়নাল মিয়া নিখোঁজ হন। এরপর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ ছিল। পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। কালন মিয়া ও ফায়জুল মিয়া পলাতক আছেন। অটোরিকশাটিও খুঁজে পাওয়া যায়নি।
আজ বিকেল তিনটার দিকে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় খালে কচুরিপানার নিচে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশ বিকেল চারটার দিকে জয়নাল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালন মিয়ার বড় ভাই হাদিছ মিয়াকে (২৪) আজ বিকেলে গ্রাম থেকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে নিহতের ভাই ফারুক মিয়া অভিযোগ করেন, কালন ও ফাইজুর তাঁর ভাইকে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতে ওই দুই যাত্রী পরিকল্পিতভাবে দুই-তিন দিন আগে জয়নাল মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে। দুই যাত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।