নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছোট বাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীর খাল থেকে জিহাদ (৯) নামের এক স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর জিহাদ নিখোঁজ হয়। সে ছোট বাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনী গ্রামের ফেরদৌস মুন্সির ছেলে। ছোট বাইশদিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জিহাদ।
পারিবারিক সূত্র জানায়, জিহাদ মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। রাত হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনেরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান না পেয়ে তাঁরা গতকাল বৃহস্পতিবার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সূত্র জানায়, আজ সকালে জিহাদের বাড়ির পাশের নয়াভাঙ্গুনী গ্রামের খালে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন সেখানে ভিড় করতে থাকে। খবর পেয়ে তার পরিবারের লোকজন সেখানে এসে তার লাশ শনাক্ত করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে জিহাদের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, জিহাদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।