নিখোঁজের দুই দিন পর খালে মিলল কৃষকের লাশ
নওগাঁর সাপাহার উপজেলায় নুরুন্নবী মণ্ডল নামের এক কৃষক গত রোববার থেকে নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে খাল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরুন্নবী সাপাহার উপজেলার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তির পরিবার ও সাপাহার থানা–পুলিশ সূত্রে জানায়, গত রোববার বিকেলে নিজের আমবাগানের গাছের পরিচর্যা করার কথা বলে বাড়ি থেকে বের হন নুরুন্নবী (৬২)। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাসায় না ফিরলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে তাঁর পরিবার। আজ দুপুরে ধানের খেতে কাজ করতে গিয়ে উপজেলার গোয়ালা ইউনিয়নের বটতলাডাঙ্গা খালের পাড়ে একটি লুঙ্গি ও কোদাল পড়ে থাকতে দেখতে পান এক কৃষক। খালের পানিতে নুরুন্নবীর লাশ পড়ে থাকতে পারে ভেবে ওই কৃষক তখন তাঁর স্বজনদের খবর দেন। পরে বিষয়টি জানতে পেরে সাপাহার থানা–পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। তারা খালের পানিতে খোঁজাখুঁজি করে বটতলা স্লুইসগেট এলাকা থেকে নুরুন্নবীর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে মুঠোফোনে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই প্রথম আলোকে বলেন, নুরুন্নবীর শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এ মূহূর্তে বলা যাচ্ছে না। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যেতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।