নিখোঁজের দুদিন পর কিশোরের হাত–পা বাঁধা লাশ উদ্ধার
পাবনার চাটমোহরে নিখোঁজের দুই দিন পর চলনবিল থেকে দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে চলনবিলের হান্ডিয়াল এলাকায় চাটমোহর-মান্নাননগর সড়কের ওপর দরাপপুর ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই কিশোরের নাম ইমন হাসান (১৬)।
ইমন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। সে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। তার পরিবারের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য ইমনকে হত্যা করে বিলের পানিতে ফেলে দেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন দরাপপুর ব্রিজের পাশে বিলের পানিতে লাশটি ভাসতে দেখেন। এরপর তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ইমন হাসানের বাবা জাকির হোসেন জানান, ইমন বেশ কিছুদিন ধরেই অটোরিকশা চালাচ্ছিল। গত বুধবার দুপুরে সে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ১০টার দিকে হান্ডিয়ালের মান্নাননগর থেকে চারজন যাত্রী নিয়ে চাটমোহরের উদ্দেশে রওনা হয়। এরপর থেকেই আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার তিনি চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
জাকির হোসেনের দাবি, ইমনের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে ধারণা করছেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাঁর ছেলেকে হত্যার পর বিলে ফেলে দেওয়া হয়েছিল। তিনি হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, দড়ি দিয়ে ইমনের হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে কেউ অটোরিকশাটি ছিনতাই করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।