নিখোঁজের ২০ ঘণ্টা পর বড়াইগ্রামে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সুতিরপাড় এলাকায় মহাসড়কের পাশ থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। লাশ দেখতে আশপাশের এলাকার লোকজন সেখানে ভিড় করেন
ছবি: প্রথম আলো

নিখোঁজের ২০ ঘণ্টা পর নাটোরের বড়াইগ্রাম উপজেলার সুতিরপাড় এলাকা থেকে হিরণ আলী (২৬) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় তাঁর গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল। আজ রোববার সকাল পৌনে সাতটায় স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হিরণ আলী একই উপজেলার ধানাইদহ গ্রামের বিদ্যুত প্রামাণিকের ছেলে।

বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানাইদহ গ্রামের বিদ্যুত প্রামাণিকের ছেলে হিরণ আলী গতকাল শনিবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হন। পরে তিনি বাড়িতে না ফিরলে তাঁর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। প্রায় ২০ ঘণ্টা পর একই উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল সুতিরপাড় এলাকার এক বাসিন্দা খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল। গ্রামের আরও কয়েকজন বাসিন্দা সেখানে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে যান। তাঁরা লাশের সুরতহাল তৈরি করেন। তখনো লাশের পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে পুলিশ জানতে পারে, এটি ধানাইদহ গ্রামের বিদ্যুত প্রামাণিকের ছেলের লাশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাই নিহতের ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওসি আরও বলেন, নিহত তরুণের বিরুদ্ধে থানায় দুটি চুরির মামলা রয়েছে। কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে বলে জানান তিনি।