নিখোঁজের ৫ দিন পর পাহাড় থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের পাঁচ দিন পর পাহাড়ের ওপর থেকে সত্তর বছর বয়সের এক বৃদ্ধের পচেগলে যাওয়া লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুজানগরের পাহাড়ের চূড়া থেকে হাটহাজারী মডেল থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ওই ব্যক্তির নাম আবদুস সবুর। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের মধুঘোনা ভাবানীপুর গ্রামের বাসিন্দা এবং সিঅ্যান্ডবির অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে লাশটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুস সবুর গত শুক্রবার সকালে সেলুনের উদ্দেশে ঘর থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরিবারের ধারণা, তাঁকে হত্যা করে পাহাড়ে নিয়ে লাশ ফেলে দেওয়া হয়েছে। তবে নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায় গতকাল সকালে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য এক ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে একটি লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল মোজাহিদ প্রথম আলোকে বলেন, লাশটি পচেগলে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে গতকাল বিকেলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।