নিখোঁজ ইজিবাইকের চালকের অর্ধগলিত লাশ মিলল ডোবায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকসহ নিখোঁজ হওয়ার ১০ দিন পর এর চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রাম থেকে নিখোঁজ হন আবদুল আলী মাতুব্বর (৩৫) নামের ওই ইজিবাইকের চালক। তিনি রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। আবদুল আলী মাতুব্বর বিবাহিত ছিলেন এবং তাঁর আড়াই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নগরকান্দার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, রোববার সকাল ১০টার দিকে ভুবুকদিয়া এলাকায় একটি ডোবায় অর্ধগলিত একটি লাশ দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে নগরকান্দা থানা-পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।

ঘটনাটি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করার জন্য চালককে শ্বাসরোধে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ওই ডোবার মধ্যে ফেলে রেখে গিয়েছিল।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, লাশটি ১৭ ফেব্রুয়ারি সালথা থেকে নিখোঁজ হওয়া ইজিবাইকের চালক আবদুল আলী মাতুব্বরের বলে শনাক্ত করেছেন নিহতের ভাই ওহিদুল মাতুব্বর। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই ওহিদুল মাতুব্বর বলেন, প্রতিদিনের মতো ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন আবদুল আলী। ওই দিন রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। এরপর তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল করে সেটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি আবদুল আলীর স্ত্রী রুমী বেগম সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওহিদুল মাতুব্বর বলেন, পাঁচ মাস আগে ইজিবাইকটি কেনেন আবদুল আলী। এটি চালিয়ে তিনি সংসার চালাতেন।