নিখোঁজ শিশুর লাশ উঠে আসল জেলের জালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে শিশুমৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ীতে নিখোঁজের এক দিন পর জেলের জালে উঠে এল এক শিশুর লাশ। রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আবির মোল্লা (৭)। আবিরের বাবার নাম সুজন মোল্লা। তিনি ইন্দ্রনারায়ণপুর গ্রামের বাসিন্দা।

আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হাসান ও স্থানীয় বাসিন্দা হক প্রামাণিক বলেন, শনিবার বিকেলে বাড়ির পাশে একটি মাঠে খেলাধুলা করছিল আবির। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। আবিরের পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাকে কোথায় খুঁজে পাওয়া যায়নি। রাতে স্থানীয় একটি পুকুরের পাড়ে তার পায়ের স্যান্ডেল পাওয়া যায়।

পরে স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু শিশুটিকে পাওয়া যায়নি। রাতে খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু ডুবুরি না থাকায় তাঁরা ফিরে যান। শিশুটিকে উদ্ধার করতে না পেরে রাত ১০টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার সকালে জেলেরা পুকুরে জাল ফেলে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় জালে পেঁচিয়ে আবিরের লাশ উঠে আসে।

স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, পুকুরে এখন পানি তুলনামূলক কম। স্থানীয় জেলেরা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই শিশুটির লাশ খুঁজে পেলেন। অথচ ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি গুরুত্ব দেননি। তাঁরা ফোন পাওয়ার পর ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষণ করে চলে যান।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পারভেজ খান বলেন, ‘রাতে আমরা খবর পেয়ে গিয়েছিলাম। কিন্তু নদীর এপারে আমাদের কোনো ডুবুরি নেই। এ কারণে আমরা রাতে তাঁদের সঙ্গে দেখা করে চলে আসি। সকালে পাটুরিয়া থেকে ডুবুরি নিয়ে আসি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর মিনিট পাঁচেক আগেই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।’