চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ শিশু আদিবার (৮) লাশ উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান চলছে। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্ধারকারী দল শিশুটির লাশ উদ্ধারে অভিযান শুরু করে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা।
গত বুধবার সকালে ২২ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি সন্দ্বীপ উপকূলে ডুবে যায়। দুর্ঘটনার পর ১৮ জন যাত্রী জীবিত অবস্থায় উপকূলে উঠতে পারলেও এক কিশোরী ও তিন শিশু নিখোঁজ হয়। ঘটনার পর নুসরাত জাহান আনিকা (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার হয়। তবে নুসরাত জাহানের যমজ বোন আলিফা ও আদিবা এবং তাদের প্রতিবেশী মনির হোসেন (১০) নিখোঁজ ছিল।
দুর্ঘটনার তিন দিনের মাথায় গতকাল শুক্রবার আলিফা ও মনির হোসেনের লাশ উদ্ধার করেন উদ্ধারকারীরা। অপর শিশু আদিবাকে এখনো উদ্ধার করা যায়নি।
ইউএনও সম্রাট খীসা প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তিনি সকালে গুপ্তছড়া ঘাটে গিয়ে উদ্ধার অভিযান তদারক করেন। দিনের আলো থাকা পর্যন্ত এ অভিযান চলবে। গতকাল দুটি লাশ সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর উপকূলে পাওয়া গেছে। আজও ওইদিকে অভিযান চলছে। গতকাল উদ্ধার হওয়া আলিফা ও মনিরের পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে ২০ হাজার টাকা করে ও জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে আজ সকালে গুপ্তছড়া ঘাটে জেটি টিকিট কাউন্টার থেকে হেঁটে জাহাজের দিকে যাওয়ার সময় জেটির মাঝামাঝিতে মোটরসাইকেল ধাক্কায় মিথিলা দাস (৮) নামের এক শিশু নিহত হয়েছে। ইউএনও সম্রাট খীসা বিষয়টি নিশ্চিত করেছেন।