নিখোঁজের এক দিন পর ইজিবাইকচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের এক দিন পর এক ইজিবাইকচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর পুরোনো লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাসির উদ্দিন (৩০) উপজেলা সদরের বড় কাঁঠালিয়া গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্বজনেরা বলেন, গত সোমবার দুপুরের খাবার খেয়ে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন নাসির। সন্ধ্যা সাড়ে সাতটার সময় স্ত্রীকে ফোন দিয়ে জানান, বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে উপজেলার ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলারচরে যাচ্ছেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় নাসিরের স্ত্রী তাঁর মুঠোফোনে কল দেন। তখন অপর প্রান্ত থেকে একজন বলেন, তাঁরা ছৈলারচর থেকে আমুয়া বন্দরে যাবেন, তাই আসতে দেরি হবে। পরে নাসির রাতে বাড়িতে ফেরেননি। বিষয়টি পুলিশকে জানান স্বজনেরা। এরপর পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাঁকে পাননি।

আজ সন্ধ্যায় মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর পাড়ে নাসিরের মরদেহ পাওয়া যায়।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলে, আজ সন্ধ্যায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির ভাই জসিম উদ্দিন তাঁর নিখোঁজ ভাই নাসিরের বলে শনাক্ত করেন।