নিখোঁজের এক দিন পর মাছ ধরার জালে তরুণের লাশ
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর রুহুল আমিন (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে সখীপুর থানার পুলিশ উপজেলার ইন্দারজানি গ্রামের মাদলা খালে এক জেলের পেতে রাখা জালে তাঁর লাশ আটকে ছিল।
রুহুল আমিনের বাড়ি পাশের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামে। তাঁর বাবার নাম লেবু মিয়া। রুহুল আমিন এক দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম জানান, পাশের উপজেলার রামদেবপুর গ্রামের ওই তরুণ এক দিন আগে নদীতে গোসল করতে যান। গোসলের পর আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, ওই তরুণ স্রোতের পানিতে ভাসতে ভাসতে ওই খালে এসে আজ ভোরে জবান আলীর পেতে রাখা মাছ ধরার জালে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর পাঠান।
রুহুল আমিনের বাবা লেবু মিয়া বলেন, ‘ছেলেটি মানসিকভাবে অসুস্থ ছিল। সে মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেত। কয়েক দিন নিখোঁজ থাকার পর আবার ফিরে আসত। ভেবেছিলাম নিখোঁজ ছেলেটি আবার হয়তো ফিরে আসবে।’
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন আজ সকাল সোয়া ১০টায় প্রথম আলোকে বলেন, ছেলেটির বাবার কোনো অভিযোগ না থাকায় লাশ স্থানীয় দুই ইউপির চেয়ারম্যানের উপস্থিতিতে অভিভাবকের কাছে হস্তান্তর করা হচ্ছে।