নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
সিলেটের বিশ্বনাথে নিখোঁজের এক দিন পর সড়কের পাশের ডোবা থেকে রবিউল ইসলাম (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিউল বিশ্বনাথ রহমান নগর গ্রামের আকবর আলীর ছেলে। সে লতিফিয়া-ইর্শাদীয়া মাদ্রাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রামপাশা-বৈরাগীবাজার সড়কের পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে নিজেদের ধানখেত দেখতে বের হয় রবিউল। এরপর আর বাড়িতে ফেরেনি সে। দিনভর ছেলেকে খুঁজে না পেয়ে আকবর আলী রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তি কৃষিকাজ করতে গিয়ে রামপাশা-বৈরাগীবাজার সড়কের পাশের একটি ডোবায় এক শিশুর লাশ দেখতে পান। পরে তিনি আশপাশের বাসিন্দা ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা দুপুরে প্রথম আলোকে বলেন, নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম নামের এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব কোনো বিরোধের জেরে শিশুটিকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহের গলায় দাগ পাওয়া গেছে। হত্যাকারীরা লাশ গুম করতে ওই ডোবায় ফেলে রেখেছিল। এ ঘটনায় নিহত শিশুর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।