নিখোঁজের একদিন পর ভুট্টাখেতে মিলল সপ্তম শ্রেণির ছাত্রীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের একটি ভুট্টাখেত থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৩) লাশ উদ্ধার করেছে থানা–পুলিশ। স্থানীয় লোকজনের ধারণা, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ভুট্টাখেতে ফেলে যাওয়া হয়। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরের দিকে ওই শিক্ষার্থী বাড়ির পাশে ভুট্টাখেতের আলে গরুকে ঘাস খাওয়াতে যায়। দুপুরের পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাত পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে তাকে খুঁজতে থাকেন। পরে আজ সকালে বাড়ির কাছের ভুট্টাখেতে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওই স্কুলছাত্রীর মা (৪৫) বলেন, ‘গতকাল আমি মাটি কাটা কর্মসূচির কাজে স্থানীয় ইউনিয়ন পরিষদে যাই। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলে আমার ছোট মেয়ে জানায়, দুপুরের পর থেকে ওর বড় বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজতে থাকি। মেয়েকে না পেয়ে সারা রাত ঘুমাতে পারিনি। ভোরে বাড়ির পাশের ভুট্টাখেতে আমার সোনার লাশ পাই।’

ওই স্কুলছাত্রীর মৃগীরোগ ছিল বলে জানিয়েছেন তার বাবা (৫০)। তিনি বলেন, ‘মেয়ে আমার মৃগীরোগের কারণে মারা গেছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, বলতে পারছি না।’

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বাড়ি থেকে ৩০০ গজ দূরে ওই স্কুলছাত্রীর লাশ পাওয়া যায়। তখন তার নাকে রক্ত ছিল। পেটের ওপরে দুই হাত এবং এক পায়ের ওপরে অন্য পা ছিল। মৃগীরোগে মৃত্যু হলে এভাবে থাকার কথা নয়। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলার জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান ও নাজির গোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার শরিফ হোসেন।

ওসি ওমর ফারুক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।