নিখোঁজের চার দিন পর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর মিনহাজ আক্তার (৭) নামের এক কন্যাশিশুর লাশ বুধবার সকাল ১০টায় কুমিল্লার বরুড়া উপজেলার ওড্ডা গ্রামের খালপাড়ের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। মিনহাজ কার্তিয়ারপাড় গ্রামের আবদুল গণির মেয়ে।
পুলিশ জানায়, গণি মিয়ার মেয়ে মিনহাজ আক্তার ওড্ডা গ্রামে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। ১১ সেপ্টেম্বর বিকেলে ওই শিশু নিখোঁজ হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
বুধবার সকালে এক কৃষক জঙ্গল থেকে ঘাস আনতে গিয়ে মিনহাজ আক্তারের লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি এলাকাবাসীকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে মিনহাজের মা সালমা বেগম বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
বরুড়া থানার উপপরিদর্শক বিশ্বজিত পাল বলেন, ‘আমরা মিনহাজ আক্তারের মরদেহ উদ্ধার করেছি। তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’