নিখোঁজের তিন দিন পর মিলল কিশোরের বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার।
প্রতীকী ছবি

কক্সবাজার সদর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর গতকাল শুক্রবার বস্তাবন্দী অবস্থায় এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে টমটম চালাত। ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়।

গত বুধবার থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। ওই দিন চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় কিশোরের টমটমটি (ব্যাটারিচালিত তিন চাকার যান) বিক্রি করতে গেলে এক তরুণকে চোর সন্দেহে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁর বাবা তাঁকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। তবে লাশ উদ্ধারের পর থেকে ওই তরুণ নিখোঁজ।

নিহত টমটমচালকের নাম মো. শাওন (১৩)। শাওন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাবের আহমেদের ছেলে। সে রামু রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া গ্রামে নানার বাড়িতে থাকত। শুক্রবার রাত সাড়ে আটটায় ভারুয়াখালী ইউনিয়নের ঘোনাপাড়ার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার সকালে টমটম নিয়ে বের হয় শাওন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে, ওই দিন বিকেলে মনির আলম নামের এক যুবক শাওনের টমটম বিক্রি করতে নিয়ে যান চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। সেখানে কম টাকায় টমটমটি বিক্রির সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাঁকে চোর সন্দেহে আটক করেন। পরে মনিরের বাবা মহি উদ্দীন মুচলেকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন।

টমটম বিক্রির খবরটি এলাকার চাউর হলে নিখোঁজ শাওনের স্বজনেরা শুক্রবার সকালে মনিরের বাড়ি ঘোনাপাড়া এলাকার আশপাশে এবং পাহাড়ের সম্ভাব্য স্থানে খোঁজখবর নিতে থাকেন। একপর্যায়ে ধানি জমির ওপর অতিরিক্ত মানুষের চলাচল ও পায়ের চিহ্ন অনুসরণ করে তাঁরা পাহাড়ের নিচে জঙ্গল থেকে বস্তাবন্দী গলাকাটা লাশটি খুঁজে পায়। রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে।

রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম বলেন, ধারণা করা হচ্ছে, টমটমের লোভে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ মানুষ শুক্রবার রাতে মনিরের ঘরে আগুন দেয়। পরে পরিস্থিতি শান্ত হয়। মনিরসহ সন্দেহভাজন ব্যক্তিরা আত্মগোপনে চলে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।