নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিন দিন পর মো. আরাফাত (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মদনপুর লাওসার এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায় পুলিশ।
আরাফাত বন্দর উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের ছেলে।
আরাফাতের বাবা রফিকুল ইসলাম জানান, ১৫ ডিসেম্বর রাত নয়টার দিকে উপজেলার লাওসার এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আরাফাত। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলের খোঁজ না পেয়ে তাঁরা বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালে পুকুরে তাঁর ছেলের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তিনি তাঁর ছেলে হত্যার বিচার দাবি করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভুঁইয়া জানান, আরাফাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) খোরশেদ আলম জানান, আরাফাতের লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাব্বি নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।