নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বারাদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবদুল ওয়াদুদ (৬৫)। তাঁর বাড়ি উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামে। তিনি কৃষিকাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৫ থেকে ১৬ মাস আগে আবদুল ওয়াদুদের স্ট্রোক হয়েছিল। সেই থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। বৃহস্পতিবার রাতে তিনি স্ত্রীর সঙ্গে একই ঘরে ঘুমাতে যান। রাত দুইটার দিকে স্ত্রী জেগে দেখেন পাশে স্বামী নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে আর পাওয়া যায়নি। শনিবার পোলতাডাঙ্গা গ্রামে মাথাভাঙ্গা নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আলমডাঙ্গা থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান মুন্সি প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।