নিখোঁজের দুই দিন পর মিলল চাচি-ভাতিজির লাশ
নরসিংদী শহরের বিলাসদী এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর এক গৃহবধূ ও তাঁর দেড় বছর বয়সী ভাতিজির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার আল্লাহ চত্বর এলাকায় রেললাইনের পাশের একটি ডোবায় লাশ দুটি পাওয়া যায়।
ওই দুজন হলেন আল্লাহ চত্বর এলাকার মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৪০) ও জহিরুল ইসলামের মেয়ে হাফসা আক্তার।
ওই নারী ও শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।বিপ্লব কুমার দত্ত চৌধুরী, ওসি, নরসিংদী মডেল থানা
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে হাফসাকে কোলে নিয়ে হাঁটতে বের হন সেলিনা। এরপর তাঁরা আর ফেরেননি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁদের পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে ৪০০ গজ দূরের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে লোকজন ডোবায় কচুরিপানার ভেতর লাশ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল ঘটনাস্থল পরিদর্শন করে। বেলা দেড়টার দিকে লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিনা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিন সকালে তিনি হাঁটতে বের হতেন। হাঁটতে বের হয়ে তিনি রেললাইন, ডোবা বা পুকুর থেকে বিভিন্ন ধরনের শাক-লতাপাতা সংগ্রহ করে আনতেন।
জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ওই নারী ও শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।