নিখোঁজের দুই মাস পরে নরসুন্দা নদীতে মিলল যুবকের লাশ
নিখোঁজের দুই মাস পরে কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদী থেকে মুরাদুল হক (২৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে প্যাড়াভাঙ্গা গ্রামসংলগ্ন নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মুরাদুল হক প্যাড়াভাঙ্গা গ্রামের মফিজুল হকের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস ধরে মুরাদুল নিখোঁজ ছিলেন। ছেলে নিখোঁজের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বাবা মফিজুল হক। আজ সকালে প্যাড়াভাঙ্গা গ্রামসংলগ্ন নরসুন্দা নদীতে মাছ ধরার সময় কচুরিপানার নিচে লাশ ভাসতে দেখেন স্থানীয় এক মাছ শিকারি। পরে তিনি স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি থানা-পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি মুরাদুলের বলে শনাক্ত করেন স্বজনেরা।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রথম আলোকে বলেন, লাশে পচন ধরেছে। দেখে মনে হয়, বেশ কয়েক দিন লাশটি পানিতে ছিল। তবে কীভাবে, কখন নিহত হয়েছে বা শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলে জানান তিনি।