নিখোঁজের দুদিন পর কলাবাগানের ডোবায় মিলল তরুণের মরদেহ
বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের দুদিন পর এক তরুণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার চর টেংরাখালী এলাকার একটি কলাবাগানের বেড় (ডোবা) থেকে পুলিশ মেহেদী হাসান শেখ (২৫) নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মেহেদী হাসানের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন এবং তাঁর একটি হাত বাঁধা ছিল। মেহেদী চর টেংরাখালী এলাকার মনিরুজ্জামান শেখের ছেলে। টেংরাখালী বাজারে তাঁর মোবাইল রিচার্জ ও ইলেকট্রনিকসের দোকান ছিল। গত শুক্রবার সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে বের হওয়ার পর মেহেদী নিখোঁজ হন বলে জানান স্থানীয় লোকজন।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) সরদার ইকবাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ কলাবাগানের বেড়ের পানিতে ফেলে দেওয়া মেহেদীর মরদেহ উদ্ধার করে। তাঁর গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্তত এক দিন আগে মেহেদীকে হত্যার পর মরদেহ লুকাতে কলাবাগানের বেড়ের পানিতে ফেলে পাতা দিয়ে ঢেকে রেখে যায়। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি। হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।