নিখোঁজের পরদিন খাল থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিখোঁজের পরের দিন খাল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছাপড়াখালী খালে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত সাকিব মোল্লা (১৫) উপজেলার জমিরতলা গ্রামের দিনমজুর আবদুর মান্নান ওরফে মনা মোল্লার দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি হেফজখানায় পড়ত।

সাকিবের বাবা আবদুল মান্নান বলেন, গতকাল মঙ্গলবার সকালে দাঁত ব্রাশ করতে ঘর থেকে বের হয় সাকিব। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ ও পরিবার জানায়, ছোটবেলা থেকে সাকিবের মৃগীরোগ ছিল। বেলা ১১টার দিকে বাড়ির সামনের খালে পাতা জালে তার জুতা ও ব্রাশ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল এসে আমরবুনিয়া খালে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ স্টেশনের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পাশের ছাপড়াখালী গ্রামের ছাপড়াখালী খালে সাকিবের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সকালে ছাপড়াখালী ব্রিজের নিচে সাকিবের লাশ ভেসে ওঠে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে থেকেই তার মৃগীরোগ ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।