নিখোঁজের পরদিন ঝোপে মিলল বাবুর্চির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় নিখোঁজের পরদিন ঝোপের পাশে পাওয়া গেছে এক বাবুর্চির লাশ। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুকগড়গড়ি বনানী পাড়ার একটি ঝোপের পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া বাবুর্চির নাম আবদুর রহমান ওরফে রমান (৬৫)। তিনি বুজরুকগড়গড়ি পাড়ার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রহমান শনিবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। আজ রোববার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আবদুর রহমানের ছেলে আহসান আলী। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে বুজরুকগড়গড়ি বনানী পাড়ার একটি ঝোপের পাশে আবদুর রহমানের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক বলেন, লাশের শরীরে পোড়া একটি দাগ ছাড়া তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকেও জোরালো অভিযোগ নেই। তবু সন্দেহ দূর করতে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।