নিখোঁজের পরদিন ধানখেত থেকে কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজের পরদিন ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ওই কিশোরের লাশ উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরের নাম মো. শাকিল (১৭)। সে পটিয়া উপজেলার বড়লিয়া বুধপুরা বেলখাইন এলাকার মো. নাজিমের ছেলে। শাকিল কয়েক বছর ধরে চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্দারটেক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। পুরোনো ব্রিজঘাট এলাকায় একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করত সে।
শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর শাকিল আর বাসায় ফেরেনি। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাননি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর শাকিল আর বাসায় ফেরেনি। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাননি। আজ সকালে স্থানীয় লোকজন ধানখেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন। পুলিশের ধারণা, শাকিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, ধানখেত থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।