নিখোঁজের পরদিন পুকুরে মিলল তরুণের লাশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিখোঁজের পর এক তরুণের লাশ পাওয়া গেছে পুকুরে। রোববার বিকেলে উপজেলার পাঁচগাছিয়া গ্রামে তরুণের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া তরুণের নাম আশিকুর রহমান ওরফে নিশাদ (১৮)। তিনি একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। আশিকুরের স্থানীয় ইমামপুর উচ্চবিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও দেননি। এর পর থেকে তাঁর লেখাপড়া অনেকটাই বন্ধ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর গত শনিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। রোববার বিকেল ৫টায় পরিবারের লোকজন বাড়ির পাশে একটি পুকুরে আশিকুরের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
কারও সঙ্গে তাঁর পূর্বশত্রুতা বা বিবাদের কথা জানেন না পরিবারের লোকজন। ফলে কী কারণে বা কীভাবে তিনি মারা গেলেন, তা বুঝতে পারছেন না তাঁরা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ময়নাতদন্তের জন্য তরুণের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ড, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।