নিখোঁজের পরের দিন কিশোরের লাশ উদ্ধার
ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের পরের দিন আজ রোববার ডোবা থেকে রিফাত মিয়া (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে বিড়ির প্যাকেট, গ্যাস লাইটার ও একটি আঠা জাতীয় নেশার প্লাস্টিকের কৌটা উদ্ধার করে পুলিশ।
নিহত রিফাত মিয়া উপজেলার দরিল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে তার বাবার সঙ্গে ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করত এবং ধানমাড়াই মেশিন চালাত।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, স্থানীয় ব্যক্তিদের দেওয়া খবরের ভিত্তিতে আজ সকালে উপজেলার তেঁতুলিয়া পাড়া গ্রামের মিলন বাজার এলাকার পাশের ডোবা থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে রিফাতকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে রিফাত মিয়া মিলন বাজার যাবে বলে বাড়ি থেকে বের হয়। রাত ৮টার দিকে তাকে বাড়ির পাশে দেখা গেলেও রাতে আর সে বাড়িতে ফেরেনি। পরে আজ সকালে স্থানীয় একজন গরুর ঘাস কাটতে গেলে মিলন বাজারের পাশে ডোবায় রিফাতের লাশ দেখেন। পরে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।