নিখোঁজের পাঁচ দিন পর নদে মিলল শিশুর লাশ
মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর কুমার নদ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘটেকচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া ওই শিশুর নাম শিহাব মজুমদার (১০)। সে সদর উপজেলার ঘটেকচর এলাকার বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দেলোয়ার মজুমদারের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, গত শনিবার দুপুরে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে নামে শিহাব। এরপর থেকে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও শিহাবকে নদ থেকে উদ্ধার করতে পারেননি। পরে বৃহস্পতিবার সকালে শিহাবের লাশ নদে ভেসে ওঠে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটির লাশ উদ্ধার করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার বলেন, শিশুটি যে স্থানে গোসল করতে নেমেছিল, সেখান থেকে কিছুটা দূরে নদের এক প্রান্তে লাশ ভেসে ওঠে।