নিখোঁজের ১২ বছর পর পরিবারে ফিরেছেন আবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ পর বাড়িফেরা আবুল মনসুরের। রোববার ময়মনসিংহের নান্দাইল উপজেলার হিজলদানী গ্রামে
ছবি: প্রথম আলো

নিখোঁজের এক যুগ পর ময়মনসিংহের নান্দাইল উপজেলার হিজলদানী গ্রামের মো. আবুল মনসুর (৪৫) তাঁর পরিবারে ফিরেছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাঁর সন্ধান পাওয়া যায়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে আছেন।

রোববার দুপুরে হিজলদানী গ্রামে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১২ বছর আগে গ্রামের এক তরুণীর সঙ্গে আবুল মনসুরের বিয়ে হয়। ভালোই কাটছিল তাঁদের দাম্পত্যজীবন। বছরখানেক পর পুত্রসন্তানের বাবা হন আবুল মনসুর। এরপর তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। হাতের কাছে যা পেতেন, তা দিয়ে গাছে আঘাত করতেন। হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। মাসের পর মাস বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

আবুল মনসুরের বাবা শান্তু মিয়া বলেন, প্রায় এক যুগ ধরে স্বামীর অপেক্ষায় থাকার পর আবুল মনসুরের স্ত্রী কিছুদিন আগে অন্যত্র বিয়ে করে ঢাকায় চলে গেছেন। ওই নারী এখন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন।

বাবা-মায়ের সঙ্গে আবুল মনসুর (মধ্যে)। রোববার ময়মনসিংহের নান্দাইল উপজেলার হিজলদানী গ্রামে
ছবি: প্রথম আলো

স্থানীয় কলেজছাত্র আকাশ মিয়া বলেন, তাঁর বড় ভাই ঢাকায় থাকেন। একদিন একটি ইউটিউব চ্যানেলে রাস্তার মানুষের সাক্ষাৎকার প্রচার করা হচ্ছিল। সেখানে আবুল মনসুরকে দেখে চেনেন তাঁর বড় ভাই। পরে ইউটিউব চ্যানেলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে আবুলের সন্ধান মেলে। তাঁর বড় ভাই গত ২৭ আগস্ট আবুল মনসুরকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

আবুল মনসুরের মা লতিফা বেগম দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলেন, ‘একদিন আমার ছেলের সংসার, সন্তান সব আছিল। এহন আর কিছু নাই। গ্রামের সড়কে ঘুরে আর বিড়বিড় করে কী যেন কয়। আমরা গরিব মানুষ, সহায়-সম্পদ কিছু নাই। পরের জমি চাষ করে চলে সংসার। ছেলেরে ফিরা পাইয়া তার চিকিৎসা করাইতাছি। আপনারা যদি পারুইন, কিছু সহায়তা করুইন।’