নিখোঁজের ২ দিন পর ব্রহ্মপুত্র থেকে ছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে রুবেল মিয়া (১৫) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মেরুরচর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রুবেল মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গা গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। সে বাহাদুরাবাদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে স্থানীয় লোকজন বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে রাতেই রুবেল মিয়ার স্বজনেরা লাশটি শনাক্ত করেন। আজ রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রুবেলের মামা এরশাদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে রুবেল বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। রাতেই আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার রাতে তাঁরা খবর পান, বকশীগঞ্জে একটি লাশ পাওয়া গেছে।
সেখানে গিয়ে দেখা যায়, সেটি রুবেলের লাশ। কীভাবে এ ঘটনা ঘটল, তাঁরা কিছু বুঝতে পারছেন না। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। নিহত রুবেলের বাবা থানায় এসেছেন। অভিযোগ দিলে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।