নিজ অপকর্মে জনবিচ্ছিন্ন হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ফজলুল হক পরাজিত হয়েছেন। আজ রোববার সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছেন ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
বিকেল চারটার দিকে ফিলিপনগরের দারোগার মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি হয়। এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী।
হায়দার আলী বলেন, সম্প্রতি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ কা ম সরওয়ার জাহানসহ স্থানীয় নেতাদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক। এ–সংক্রান্ত একটি লিখিত অভিযোগ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়েও দেন তিনি। অভিযোগে তিনি দাবি করেন, ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে বিজয়ী বিএনপির নেতা নঈমুদ্দিন সেন্টুর স্বজনদের কাছ থেকে টাকা ও ফ্ল্যাট নিয়ে ফজলুল হককে হারিয়েছেন সাংসদ ও ইউনিয়নের অন্য নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন নেতা ফজলুল হক। তিনি গত পাঁচ বছর ইউপি চেয়ারম্যান থাকাকালে নানা অপকর্ম, অনিয়ম, দুর্নীতিসহ ইউনিয়নের মানুষের সঙ্গে অসদাচরণ করার কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। তাঁর থেকে সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নেন। এ কারণেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়েও তাঁর ভরাডুবি হয়েছে। নিজের অপকর্ম ও অযোগ্যতা ঢাকতে তিনি পরিকল্পিতভাবে সাংসদসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মিথ্যাচার করছেন।
সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এ অভিযোগ সম্পূর্ণ মনগড়া গল্প। সাংসদ সরওয়ার ২০১৭ সালে রিয়েল এস্টেট কোম্পানি থেকে রাজধানীতে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। ২০২০ সালে ফ্ল্যাটের টাকা পরিশোধ করা হলে পরবর্তীকালে ২০২১ সালের মে মাসে ফ্ল্যাটটি নিবন্ধন করা হয়। এর আগে সাংসদ ঢাকায় ভাড়া বাসায় থাকতেন। এমন বিষয় নিয়ে অবান্তর মিথ্যাচারের জন্য ফজলুল হককে এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নেতাদের নিয়ে মিথ্যাচার করায় দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন দাবি করা হয়, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে ফজলুল হককে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগকে বিভক্ত করে বিএনপিকে শক্তিশালী করতে চাইছে। নৌকার পরাজিত প্রার্থী ফজলুল হকের প্রতি সমবেদনা জানিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নেতারা সর্বনাশী খেলা বন্ধের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খান, সরদার আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, প্রকৌশলী ইলিয়াস হোসেন, মনি সরকার, যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।