নিজ খামারের সেচপাম্প চালু করতে গিয়ে প্রাণ হারালেন যুবক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি সৈয়দটুলা গ্রামের আবদুর রউফের ছোট ছেলে। ইকবাল প্রায় ১০ বছর সৌদি আরবে ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে তিনি ব্যবসা করছিলেন।
নিহত ব্যক্তির পরিবার জানায়, কয়েক মাস আগে তিনি বাড়ির পাশের জমিতে মুরগির খামার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন ওই খামারের দেয়াল নির্মাণের কাজ চলছিল। আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি ওই দেয়ালে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে যান।
এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. নোমান মিয়া প্রথম আলোকে বলেন, ইকবাল হোসেনকে হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইকবাল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।