নিজ বাড়ির সেফটিক ট্যাংকে ব্যবসায়ীর লাশ
পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজ বাড়ির সেফটিক ট্যাংক থেকে সকালে এক ব্যবসায়ীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবারের এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, শাহনূর আলম (৪০) পৈতৃক সম্পত্তি দেখাশোনা ও ব্যবসা করতেন। ১৫ জুলাই রাতে বাড়ি ফেরার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধু ও আত্মীয়স্বজন সোমবার রাতে বিষয়টি পুলিশকে জানান। রাতেই ঈশ্বরদী থানা পুলিশ তাঁর বাড়িতে স্ত্রী শাহীনা আক্তারকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। সকালে বাড়ির সেফটিক ট্যাংক থেকে তাঁর গলিত মৃতদেহ উদ্ধার করা হয়।
শাহীনা আক্তারের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, ১৫ জুলাই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনা হাতুড়ি দিয়ে শাহনূরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।