সুনামগঞ্জে কোাভিডে নতুন আক্রান্ত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সুনামগঞ্জে নতুন করে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে আরও ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৮৫। সুনামগঞ্জে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৫ জন। মারা গেছেন চারজন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন করে আক্রান্ত হওয়াদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, ছাতকে ১০, দোয়ারাবাজারে ৩, শাল্লায় ২, দক্ষিণ সুনামগঞ্জে ১ ও বিশ্বম্ভরপুরে ৩ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গত ১২ এপ্রিল প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সুনামগঞ্জে গত ৩০ মার্চ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় ৭ হাজার ১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল জানা গেছে ৬ হাজার ৮৪৬ জনের। প্রথমে নমুনা সংগ্রহ করে পাঠানো হতো সিলেটে। কিন্তু সেখানে নমুনা-জট দেখা দেওয়ায় পরে সুনামগঞ্জ থেকে কিছুদিন সরাসরি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এখন নমুনা সংগ্রহের পর পাঠানো হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে।
জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯৭ জন, ছাতক উপজেলায় ২০৯, দোয়ারাবাজার উপজেলায় ৬৯, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬২, তাহিরপুর উপজেলায় ২৭, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৭, জগন্নাথপুর উপজেলায় ৬২, শাল্লা উপজেলায় ৩২, ধরমপাশা উপজেলায় ১৮, জামালগঞ্জ উপজেলায় ৬১, দিরাই উপজেলায় ২১ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জে এ পর্যন্ত ৭৮৫ জন আক্রান্ত হয়েছেন। এখন নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই বেড়েছে। আক্রান্তদের মধ্যে বাড়ি এবং হাসপাতাল মিলিয়ে আইসোলেশনের আছেন ৬০৬ জন। এর মধ্যে যাঁদের হাসপাতালের করোনো আইসোলেশন ওয়ার্ডে আনা দরকার, আমরা সেটি করছি।’