নিজাম হাজারীর শুনানিতে বিব্রত বিচারপতি
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদনে দেওয়া রুল শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একজন বিচারপতি।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বৃহস্পতিবার এ রুল শুনানি শুরু হয়। তবে কিছুক্ষণ শুনানি হওয়ার পর আদালত আদেশে বলেন, বিচারপতি এ কে এম সাহিদুল হক রুল শুনানিতে বিব্রতবোধ করছেন। এ জন্য আবেদনকারী পক্ষকে অন্য বেঞ্চে যেতে হবে।
গতকাল আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। নিজাম হাজারীর পক্ষে ছিলেন নুরুল ইসলাম।
নিয়ম অনুসারে এ মামলাটি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করবেন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়৷ এতে বলা হয়, ২ বছর ১০ মাস কম সাজা খেটেই কারাগার থেকে বেরিয়ে গিয়েছিলেন ফেনী-২ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী৷ অস্ত্র আইনের একটি মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছিল৷ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০০১ সালের ২ মে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখেন৷
সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতা বিষয়ে উল্লেখ রয়েছে৷ ৬৬(২) ঘ অনুসারে, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত ফৌজদারি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূ৵ন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না৷
প্রতিবেদনটি যুক্ত করে নিজাম উদ্দিন হাজারীর সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।