নিজের অফিসের আইপিএস কিনতে স্কুল থেকে টাকা নিলেন শিক্ষা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

নিজের অফিসের আইপিএস কেনার জন্য উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধানদের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ। বিষয়টি জানাজানির পর সমালোচনার মুখে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে প্রথম আলোর এ প্রতিবেদকের কথা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, কয়েক দিন ধরেই উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা করে তুলছিলেন ওই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিষয়টি গোপন রাখার জন্যও বলা হয়েছিল সবাইকে, তবে তা প্রকাশ পেয়ে যায়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আইপিএস কেনা ও উপজেলা পরিষদের ভেতরে উন্নয়ন মেলার খরচ বাবদ এ টাকা জমা দেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছিলেন ওই শিক্ষা কর্মকর্তা। তাঁরা বলেন, শ্রীপুর উপজেলায় ১৬৬টি প্রাথমিক বিদ্যালয় আছে। সব বিদ্যালয়ের টাকা জমা হলে সে অঙ্ক দাঁড়ায় ১ লাখ ৬৬ হাজারে। ওই প্রধান শিক্ষকেরা দাবি করেন, শিক্ষা কর্মকর্তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থে ও টাকার অঙ্ক কম হওয়ায় টাকা জমা দিয়েছেন তাঁরা।

তবে পুরো উপজেলার অর্ধেক স্কুলের টাকাও জমা হয়নি বলে দাবি করেন অভিযুক্ত শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উন্নয়ন মেলার জন্য নয়, টাকা নেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আইপিএস কেনার জন্য। তিনি বলেন, ‘ক্লাস্টারভিত্তিক মিটিং করে অফিসের আইপিএস কেনার জন্য টাকা দিতে সবাইকে বলা হয়েছিল। কিন্তু সবাই জমা করেননি। অর্ধেক স্কুলের টাকাও উঠেনি। পরে এই বিষয়টি নিয়ে কয়েকজন শিক্ষক অহেতুক বিভ্রান্তি ছড়ান। গতকাল আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আজকের (বৃহস্পতিবার) মধ্যে টাকাগুলো ফেরত দেওয়া হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি শুনে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম, তিনি আমাকে জানিয়েছেন, টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে।’ মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘এভাবে টাকা তোলার কোনো বিধান নেই। যদিও আমাদের বাজেট নেই, তবুও এভাবে টাকা নেওয়া ঠিক হয়নি।’