নিজের ঘরের সামনে ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ভাতিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাচাকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ভাতিজা ইকবাল হোসেন। রোববার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খাদেম পাড়া এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিজের ঘরের সামনে অজ্ঞাত এক যুবকের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তাঁর ভাতিজা। আজ রোববার ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

নিহত ব্যক্তির নাম সুলতান আহমদ (৫৫)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গাড়িচালক ছিলেন। আহত তাঁর ভাতিজার নাম ইকবাল হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেই সুলতান আহমদকে ছুরিকাঘাত করে অজ্ঞাত এক যুবক। এ সময় সুলতান আহমদের ভাতিজা ইকবাল হোসেন এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই যুবক। পরে ঘটনাস্থলেই সুলতান আহমদ মারা যান। আর আহত ইকবাল স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, কী কারণে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তিনি যেহেতু গাড়িচালক ছিলেন, তাই গাড়িসংক্রান্ত কোনো বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।