নিজের বিয়ে ঠেকাল কিশোরী, পালিয়েছেন অভিভাবকেরা
১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ের পিঁড়িতে বসতে রাজি ছিল না অষ্টম শ্রেণিতে পড়া কনে (১৪)। নিজের বিয়ে ঠেকাতে তাই বান্ধবীর কাছে সহায়তা চায় সে। বান্ধবী আর বান্ধবীর বড় বোন মিলে বাল্যবিবাহের খবরটি পৌঁছে দেয় স্থানীয় এক সাংবাদিকের কাছে। সেই সাংবাদিক বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে বাল্যবিবাহের আয়োজনটি বন্ধ হয়। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের একটি গ্রামে।
এলাকাবাসী, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১২টায় বড়তলী বানিয়াহারী ইউনিয়নের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের এক তরুণের (২১) বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় এক সাংবাদিকের কাছ থেকে বাল্যবিবাহের খবর জানার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুখলেছুর রহমানকে খোঁজ নিয়ে এ বিয়ে বন্ধ করতে বলেন।
এরপর ইউপি চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় এক ইউপি সদস্য সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিয়ে বন্ধ করতে কনের বাড়িতে যান। কিন্তু কনের বাবা ইউপি সদস্যের নির্দেশে তাঁর মেয়ের বিয়ে বন্ধ করতে এবং মুচলেকা দিতেও রাজি হননি। এ অবস্থায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলামকে ঘটনাটি জানান ওই ইউপি সদস্য।
এরপর রাত সাড়ে আটটার দিকে পুলিশের একটি দল ওই গ্রামে যায়। কিন্তু বর ও কনের মা–বাবাসহ দুই পক্ষের কাউকেই বাড়িতে না পেয়ে পুলিশ সেখান থেকে চলে আসে। থানা-পুলিশ আসছে, এমন খবর পেয়ে নিজ নিজ বাড়ি থেকে বর ও কনের মা–বাবাসহ তাঁদের স্বজনেরা সটকে পড়েন বলে জানা গেছে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, ‘ওই গ্রামে গিয়ে বর ও কনের বাড়িতে কাউকে না পেয়ে আমরা চলে এসেছি। তবে স্থানীয় লোকজনকে বলে এসেছি, বিয়ে হলে সঙ্গে সঙ্গে যেন পুলিশকে খবরটি জানানো হয়।’
অন্য কোথাও পালিয়ে গিয়ে এই বিয়ে আবার সম্পন্ন করার চেষ্টা করলে, বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবেমো. আরিফুজ্জামান, ইউএনও, মোহনগঞ্জ
বাল্যবিবাহের ব্যাপারে আগে থেকে অবগত ছিলেন না বলে জানান ইউপি চেয়ারম্যান মো. মুখলেছুর রহমান। তিনি বলেন, ইউএনওর মাধ্যমে খবরটি জানার পর বিয়ে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ইউনিয়নে কোনো অবস্থাতেই বাল্যবিবাহ দেওয়া যাবে না।
ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, অন্য কোথাও পালিয়ে গিয়ে এই বিয়ে আবার সম্পন্ন করার চেষ্টা করলে, বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।